শনিবার সাপ্তাহকি ছুটি থাকলেও আসন্ন শারদীয় দুর্গাপূজার পরের শনিবার  (১৭ অক্টোবর) সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি সব অফিস খোলা থাকবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা তিন দিনের ছুটি ঘোষণা করে  জারি করা প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়। এতে বলা হয়, এবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ছুটি থাকবে।  তবে জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস, বন্দরের কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ সংশ্লিষ্ট সেবাকাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতাবহির্ভূত থাকবে। এই ছুটির আওতাবহির্ভূত থাকবে হাসপাতাল ও জরুরি সেবা এবং এ সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ।
ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে বাংলাদেশ ব্যাংক।  আর আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন।
বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান/কলকারখানা ও প্রতিষ্ঠানের জন্য সাধারণ ছুটি ঘোষণার ক্ষেত্রে  শ্রম আইন ২০০৬ অনুযায়ী  প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।