শারদীয় দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় ১০ হাজার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে। আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালনকালে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করবেন তারা। সীমান্তবর্তী ও দুর্গম এলাকার ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেবে বাহিনীটি।
সোমবার (১২ অক্টোবর) বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন নিশ্চিত করতে সমন্বিত নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। সম্ভাব্য ঝুঁকি আগেই শনাক্ত করা, গুজব ও সাম্প্রদায়িক উসকানির বিষয়ে সতর্ক থাকা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের কাছাকাছি অবস্থিত ২ হাজার ৭২৭টি পূজামণ্ডপে নিরাপত্তা সহায়তা দেওয়া হবে। দূরবর্তী ও দুর্গম এলাকায় দ্রুত পৌঁছাতে প্রয়োজন অনুযায়ী অস্থায়ী ক্যাম্প স্থাপনের উদ্যোগও নেওয়া হয়েছে।
রাজধানী ঢাকায় বিজিবি মোতায়েনের পরিধি নির্ধারণ করা হবে সরকারের নির্দেশনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী। প্রয়োজনে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে টহল, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা সহায়তা এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বাহিনীটি। লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে।




