আইনি পরামর্শ, মামলা সংক্রান্ত তথ্য ও বিভিন্ন অভিযোগ নিয়ে চলতি বছরের প্রথম আট মাসে সুপ্রিম কোর্টের হেল্পলাইনে ৬ হাজার ৫৫৪টি কল এসেছে।সুপ্রিম কোর্টের হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্যে এ বিষয়টি জানা গেছে।তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত দেশ ও বিদেশ থেকে হেল্পলাইন নম্বরে মোট ৬ হাজার ৫৫৪টি কল আসে। এসব কলের মধ্যে আইনি পরামর্শ চেয়ে ৮৭০টি এবং মামলা সংক্রান্ত তথ্য জানতে ১ হাজার ১৩০টি কল করা হয়।মনিটরিং সেল জানিয়েছে, এসব কলের মাধ্যমে সেবাগ্রহীতাদের প্রয়োজনীয় তথ্য তাৎক্ষণিকভাবে দেওয়ার চেষ্টা করা হয়েছে।

এদিকে রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে গত জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ৭৮৪টি কল আসে।তবে এসব অভিযোগ সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় হেল্পলাইন থেকে এ বিষয়ে কোনো পরামর্শ দেওয়া হয়নি বলে জানিয়েছে মনিটরিং সেল।এ ছাড়া হেল্পলাইন নম্বর ১০৩-এ কল করে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি—এমন কলের সংখ্যা ছিল ৩ হাজার ৬৫২টি।একই সময়ে সুপ্রিম কোর্ট ও জেলা আদালত সংক্রান্ত বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণের বিষয়ে মোট ১১৮টি অভিযোগ পাওয়া যায়।

এসব অভিযোগের মধ্যে বিলম্বে আইনি সেবা পাওয়া, রায়ের কপি না পাওয়া, নথি নিখোঁজ এবং মামলা দ্রুত নিষ্পত্তির সঙ্গে সংশ্লিষ্ট ৯৯টি অভিযোগের নিষ্পত্তি হয়েছে।আর ১২টি অভিযোগের নিষ্পত্তি প্রক্রিয়া চলমান রয়েছে। অবশিষ্ট সাতটি অভিযোগ বিভিন্ন অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণ সংক্রান্ত। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য ইতোমধ্যে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।প্রধান বিচারপতির নির্দেশক্রমে গত ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টারের উদ্বোধন করা হয়। একই সঙ্গে ‘১০৩’ নম্বরের হেল্পলাইন চালু করা হয়।বর্তমানে সুপ্রিম কোর্টের হেল্পলাইন নম্বর ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০-এ কল এবং হোয়াটসঅ্যাপ সেবা চালু রয়েছে। পাশাপাশি ‘১০৩’ নম্বরেও অনলাইন সেবা পাওয়া যাচ্ছে।