আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে দেশের সব পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার সচিবালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছর সারাদেশে ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এবার মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বেড়েছে। এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো কোনো মণ্ডপকে বিশেষ বা উচ্চঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেনি।

তবে উৎসব চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে জানান তিনি। কোনো ধরনের হুমকি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও রাখা হয়েছে।পূজার সময় নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত মনিটরিং ব্যবস্থা চালু থাকবে। পাশাপাশি একটি প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে মাঠপর্যায়ের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা দ্রুত জানানো সম্ভব হবে।

জেলা পর্যায়ের কর্মকর্তাদের এ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পুলিশ সদর দপ্তর, বিভাগীয় ও জেলা পুলিশ পর্যায়েও ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু রাখার কথা জানিয়েছেন মন্ত্রী।পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা হিসেবে মণ্ডপ আয়োজকদের জেনারেটর প্রস্তুত রাখা এবং রিচার্জেবল লাইট রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এবার দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন থাকবে। সাপ্তাহিক ছুটিসহ মোট ছুটির সময় পাঁচ দিনে দাঁড়াবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।তিনি আরও জানান, পূজামণ্ডপের জন্য সরকারি অনুদানের পরিমাণ ৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে উৎসবটি শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে আয়োজনের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।