দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের দিকে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে পুরো বাজারব্যবস্থাকে কাগজবিহীন ও ডিজিটাল করার আহ্বান জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (১ অক্টোবর) ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সুবর্ণজয়ন্তী ও প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, দেশের আর্থিক খাত ও পুঁজিবাজারে আধুনিকায়নের জন্য বিভিন্ন সংস্কার কার্যক্রম চলছে। আইসিবি প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য ছিল সাধারণ মানুষের সঞ্চয়কে পুঁজিবাজারের সঙ্গে যুক্ত করে জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ বাড়ানো।অর্থমন্ত্রীর মতে, দেশের পুঁজিবাজারে এখনো ব্যক্তিশ্রেণির বিনিয়োগকারীদের ওপর নির্ভরতা বেশি। আন্তর্জাতিকভাবে অনেক দেশের বাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বড় ভূমিকা রাখেন। তাই বাংলাদেশের বাজারকেও সেই কাঠামোর দিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আইসিবিকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।
আইসিবিকে প্রচলিত কার্যক্রমের বাইরে এসে আরও প্রতিযোগিতামূলক ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হওয়ার নির্দেশনাও দেন তিনি।পুঁজিবাজারের ডিজিটাল রূপান্তর নিয়েও বক্তব্য দেন অর্থমন্ত্রী। তিনি জানান, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ প্রতিষ্ঠান ও আইসিবিসহ পুরো বাজারব্যবস্থাকে অটোমেশন ও ডিজিটালাইজেশনের আওতায় আনার কাজ শুরু হয়েছে।
ভবিষ্যতে লিস্টিং আবেদন, অনুমোদন ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া অনলাইনে সম্পন্ন করার কথা উল্লেখ করে তিনি ‘নো পেপার ট্রানজ্যাকশন’ নীতির ওপর গুরুত্ব দেন।
অর্থমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার ও অর্থনৈতিক সংস্কার নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। প্রাইভেট ফান্ড, ক্লাইমেট ফান্ডিং ও ডেরিভেটিভসের মতো আর্থিক পণ্যের মাধ্যমে ভবিষ্যতে আন্তর্জাতিক মূলধন আকর্ষণের সুযোগ রয়েছে।
আইসিবির চেয়ারম্যান নিরঞ্জন চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানসহ অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও আইসিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারে কাগজের ব্যবহার বন্ধের আহ্বান অর্থমন্ত্রীর
দেশের পুঁজিবাজারকে খুচরা বিনিয়োগকারীনির্ভরতা থেকে বের করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগের দিকে নিয়ে যাওয়ার ওপর জোর দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে পুরো বাজারব্যবস্থাকে কাগজবিহীন ও ডিজিটাল করার আহ্বান জানিয়
প্রিয় বাংলাদেশজাতীয়


