আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সে বিষয়ে দলীয় নেতাকর্মী ও প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের সমান মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। শনিবার সকালে নগরকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, নির্বাচনের আগে দেশের মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ভোটারের হাতের কালি শুকানোর আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি পৌঁছে দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, তৃণমূল পর্যায়ে মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করাই এ উদ্যোগের লক্ষ্য।
বিগত ১৭ বছরের শাসনামলে শেখ হাসিনা ও তার পরিবারের ভূমিকার সমালোচনা করে প্রতিমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত দেশকে সামনে এগিয়ে নিতে বর্তমান সরকার কাজ করছে। দুর্গাপূজায় কোনো গোষ্ঠী যাতে বিঘ্ন সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। এ ছাড়া প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




