বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।সোমবার (৩১ আগস্ট) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম তদন্ত কর্মকর্তাদের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।আদালতে দুই আসামিকে কড়া নিরাপত্তার মধ্যে হাজির করা হয়। এ সময় তাদের পক্ষে আইনজীবী শ্রী প্রাণ নাথ গ্রেফতার না দেখানোর আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয় পক্ষের শুনানি শেষে আদালত গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, সোলায়মান সেলিম ও ড. মোস্তফা জালাল মহিউদ্দিন নিজ নিজ পদে থাকা অবস্থায় রাজনৈতিকভাবে বিরোধী দল দমনে অর্থের সংস্থান ও নির্দেশনাসহ ঘটনার নেপথ্যে সক্রিয় ভূমিকা পালন করেছেন।বর্তমানে দুজনই কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।মামলার সূত্রে জানা যায়, ২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপি একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে। এর আগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের একটি দল বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। এ সময় কার্যালয়ে ভাঙচুরের পাশাপাশি আশপাশে থাকা বিএনপির নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ ওঠে।

ওই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে বিএনপি কর্মী মকবুল হোসেন নিহত হন।এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর মাহফুজুর রহমান বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের বিরুদ্ধে মামলা করেন।