চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার খলনায়ক আশরাফুল হক ডনকে পাঁচ দিনের রিমান্ড দেওয়া হলেও নির্ধারিত সময় শেষ হওয়ার একদিন আগেই কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।বুধবার রিমান্ড শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে রাখার আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সিআইডির দাবি, জিজ্ঞাসাবাদের সময় মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্য ডন কৌশলে এড়িয়ে গেছেন। একই সঙ্গে সালমান শাহর মৃত্যুর ঘটনার সঙ্গে তার সংশ্লিষ্টতার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলেও তদন্ত সংস্থাটি আদালতকে জানিয়েছে।আদালতে দেওয়া আবেদনে সিআইডি জানায়, সালমান শাহর সঙ্গে ডনের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ১৯৯২ সাল থেকে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর পর্যন্ত তারা একাধিক চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করেন।

মামলার এজাহারে থাকা পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে ডন তাদের পরিচিত বলে স্বীকার করেছেন। তবে ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি অনেক তথ্য গোপন করেছেন বলে দাবি করেছে সিআইডি।তদন্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ঘটনার আগে, ঘটনার সময় এবং পরবর্তী সময়ে ডনের আচরণ ও গতিবিধি বিশ্লেষণ করে তার সংশ্লিষ্টতার কিছু আলামত পাওয়া যাচ্ছে। এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে।

প্রয়োজন হলে ভবিষ্যতে তাকে আবারও জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে তদন্ত সংস্থা।মামলার তদন্ত কর্মকর্তা মজিবুর রহমান জানান, নির্ধারিত সময়ের একদিন আগেই ডনের জিজ্ঞাসাবাদ শেষ হওয়ায় তাকে কারাগারে পাঠানোর আবেদন করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজন হলে পুনরায় রিমান্ড চাওয়া হবে।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। ২০ আগস্ট তার সাত দিনের রিমান্ড আবেদন করা হয় এবং ২৭ আগস্ট শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান সালমান শাহ। প্রথমে তার মৃত্যু নিয়ে অপমৃত্যুর মামলা হলেও পরবর্তীতে এটিকে হত্যা মামলায় রূপান্তরের আবেদন করা হয়।

বিভিন্ন পর্যায়ের তদন্তে মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও সালমান শাহর পরিবার বরাবরই তা প্রত্যাখ্যান করে এসেছে। গত বছরের ২০ অক্টোবর তার মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম নতুন করে হত্যা মামলা করেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যার অভিযোগ আনা হয়েছে।