পুলিশ প্রশাসনে নতুন দায়িত্ব বণ্টনের অংশ হিসেবে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নেতৃত্বে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নিয়োগ ও বদলির তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা আদেশে স্বাক্ষর করেছেন উপসচিব তৌছিফ আহমেদ। নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. ইসরাইল হাওলাদারকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। অন্যদিকে, এসআরবির বিদায়ী মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে।
এদিকে রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজশাহী রেঞ্জের ডিআইজি হিসেবে।