পুলিশের গুরুত্বপূর্ণ কয়েকটি পদে রদবদল আনা হয়েছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালকের (ডিজি) দায়িত্ব দেওয়া হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। শিল্প পুলিশের প্রধান পদে নিযুক্ত করা হয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি ইসরাইল হাওলাদার।
মঙ্গলবার (৩ নভেম্বর) এ নিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির মহাপরিচালক আহসান হাবীব পলাশকে দায়িত্ব থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি করা হয়েছে। আর পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করা হয়েছে পুলিশ টেলিকম সংস্থায়।
এছাড়া রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার এবং রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজির দায়িত্ব দেওয়া হয়েছে।




