বয়সের ভারে ন্যুব্জ নাগরিকদের জীবনযাত্রা যেন অনিরাপদ ও অবহেলিত না হয়, সে বিষয়ে রাষ্ট্রের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবীণদের জন্য স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা ও সম্মানজনক জীবন নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন তিনি।
মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন তিনি। সংগঠনটির সভাপতি ফেরদৌস আরা বেগম প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।
প্রবীণদের জন্য আলাদা নীতিগত ও প্রাতিষ্ঠানিক সহায়তা নিশ্চিত করতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে বিশেষ ‘প্রবীণ সেল’ চালুর পরামর্শ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এ জনগোষ্ঠীর প্রয়োজন বিবেচনায় নিয়ে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
সাক্ষাৎকালে প্রতিনিধিরা প্রবীণ নাগরিকদের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্প্রসারণের দাবি তুলে ধরেন। তাদের প্রস্তাবের মধ্যে রয়েছে বয়স্ক ভাতা, ৬৫ বছর বা তার বেশি বয়সীদের মেট্রোরেল, ট্রেন ও অন্যান্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নির্ধারণ, প্রবীণবান্ধব চিকিৎসাব্যবস্থা এবং সবার জন্য সিনিয়র সিটিজেন কার্ড চালু। প্রতিনিধিদলের উত্থাপিত বিষয়গুলোর প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রপতি প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক মো. খবির উদ্দিন উপস্থিত ছিলেন। সাক্ষাতের বিষয়টি রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।




