শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সুরক্ষার ওপর জোর দিয়ে দেশের সব অর্থনৈতিক অঞ্চলকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (৩ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ডের সভায় সভাপতিত্বকালে তিনি এ নির্দেশনা দেন। এই বৈঠকে শিল্পাঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগে গতি আনা, নতুন কর্মসংস্থান তৈরি এবং পরিবেশ রক্ষার নানা কৌশল নিয়ে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।


প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বৈঠকের বরাত দিয়ে জানান, সরকারের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সংগতি রেখে দেশের প্রতিটি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ইপিজেড) বৃক্ষরোপণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী, বিভিন্ন ইপিজেডে মোট ১ লাখ ২৫ হাজার গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত শিল্প বিকাশের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও গ্রিন ইন্ডাস্ট্রি গড়ে তুলতেই এই উদ্যোগ।


বৈঠকে বেজা গভর্নিং বোর্ডের ৯ম সভার সিদ্ধান্তের অগ্রগতি খতিয়ে দেখার পাশাপাশি নতুন অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের মূল্যায়ন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন অব্যবহৃত শিল্প-সম্পদের যথাযথ ব্যবহারের উপায় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে নারায়ণগঞ্জের লতিফ বাওয়ানী জুট মিলস এবং করিম জুট মিলসের জমি ও অবকাঠামোকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার সম্ভাব্যতা পর্যালোচনা করা হয়, যা নতুন দেশি-বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধিতে ভূমিকা রাখবে।


এছাড়া বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের লাইসেন্স প্রদান ও কার্যক্রম পরিচালনায় নির্দিষ্ট গাইডলাইন অনুসরণ এবং নতুন নীতিমালার তাগিদ দেওয়া হয়।উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এবং বিডা-র নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।