সৌদি আরবের বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি রয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আটকে পড়া প্রবাসীদের ভিসা ও আকামার মেয়াদ বাড়ানো এবং চাকরি হারানো কর্মীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি নাগরিক মোহাম্মদ শাহেদ আহমেদের মরদেহ গ্রহণ করতে বিমানবন্দরে যান তিনি।
শামা ওবায়েদ বলেন, সৌদি আরবে ৪০ লাখের বেশি বাংলাদেশি কর্মরত রয়েছেন। যুদ্ধ বা অন্য কোনো দুর্ঘটনার খবর পেলেই সেখানে থাকা বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তিনি আশা প্রকাশ করেন, যুদ্ধ বন্ধ হবে এবং বাংলাদেশিসহ কোনো দেশের নাগরিক আর হামলার শিকার হবেন না।
সম্প্রতি সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ওই দুই ব্যক্তির নাম সৌদি কর্তৃপক্ষের পাঠানো বন্দি ও দণ্ডিতদের তালিকায় রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
তিনি জানান, বিষয়টি নিয়ে সৌদি রাষ্ট্রদূতকে ডেকে কথা বলা হয়েছে এবং রায়ের অনুলিপি চেয়ে সৌদি সরকারকে আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। রায়ের অনুলিপি পাওয়া গেলে ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, বিদেশে কোনো বাংলাদেশি দণ্ডিত হলে সে বিষয়ে সরকারের জানা জরুরি। এ ধরনের ঘটনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিদেশে বাংলাদেশের মিশন কূটনৈতিক চ্যানেলে যোগাযোগ করে এবং দণ্ড মওকুফের সম্ভাবনা নিয়ে চেষ্টা চালায়। তবে অন্য দেশের বিচারব্যবস্থায় হস্তক্ষেপ করা হয় না বলে উল্লেখ করেন তিনি।




