সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচারের অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলামের আদালতে রাকিবুলের পক্ষে জামিন আবেদন করেন তার আইনজীবী মোরশেদ হোসেন শাহীন। শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম রাকিবুল হাসানের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও দুই দিনের রিমান্ড দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান।রিমান্ড শেষে বুধবার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার এজাহার অনুযায়ী, ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান ফেসবুকে এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের সময় রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষমূলক এবং উসকানিমূলক মন্তব্য করেন বলে অভিযোগ করা হয়েছে।

গত ১৫ সেপ্টেম্বর ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়। এরপর তাকে ক্যান্টনমেন্ট থানার ওসি পদ থেকে সরিয়ে ডিএমপি সদরদপ্তরে সংযুক্ত করা হয়।পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২৪ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করে পুলিশ।