আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মোট ৪২টি নির্বাচনি প্রতীক নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সই করা গেজেট অনুযায়ী, চেয়ারম্যান প্রার্থীদের জন্য ২০টি, সাধারণ সদস্যদের জন্য ১২টি এবং সংরক্ষিত নারী সদস্যদের জন্য ১০টি প্রতীক রাখা হয়েছে।

চেয়ারম্যান পদে নির্ধারিত প্রতীকগুলোর মধ্যে রয়েছে—কম্পিউটার, কলার ছড়ি, ঘণ্টা, ঘোড়া, চিংড়ি, জগ, টেবিল, টেবিলঘড়ি, টেলিফোন, দালান, দোতলা বাস, পাগড়ি, বেবিট্যাক্সি, ময়ূর, মোবাইল ফোন, মোটরসাইকেল, মোড়া, রেল ইঞ্জিন, সোফা ও হাঁস।সাধারণ সদস্য পদের জন্য রাখা হয়েছে—উট, কাপ-পিরিচ, ঘুড়ি, জাহাজ, টর্চলাইট, টিউবওয়েল, ট্রাক্টর, তালা, ফুটবল, বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক বাল্ব ও মোরগ।

সংরক্ষিত নারী সদস্য পদের প্রতীক হলো—আলমারি, কলস, ড্রেসিং টেবিল, পালকি, ফলের ঝুড়ি, মাইক, সেলাই মেশিন, সূর্যমুখী ফুল, হরিণ ও হেলিকপ্টার।ইসি জানিয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন নির্দলীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অর্থাৎ কোনো প্রার্থী রাজনৈতিক দলের দলীয় প্রতীক ব্যবহার করতে পারবেন না।

এর আগে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচনে রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের বিধান ছিল। সংশ্লিষ্ট আইন পরিবর্তনের পর নির্বাচনি বিধিমালা থেকেও দলীয় প্রতীক বাদ দেওয়া হয়েছে।ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ নির্বাচন এবার নতুন এই নির্দলীয় ব্যবস্থার অধীনেই অনুষ্ঠিত হবে।