কক্সবাজারে লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে যৌথভাবে পরীক্ষামূলক প্রকল্প গ্রহণের প্রস্তাব দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে বাংলাদেশে ইউএইর বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউএইর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী খাসিফ আবদুল্লাহ আলহামুদির সঙ্গে বৈঠকে মন্ত্রী এ প্রস্তাব দেন।
বৈঠকে মন্ত্রী বলেন, ভূগর্ভস্থ পানির ওপর অতিরিক্ত নির্ভরতা ভবিষ্যতে বিশুদ্ধ পানির প্রাপ্যতাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় লবণাক্ত পানিকে সুপেয় পানিতে রূপান্তরের প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে ইউএইর সহযোগিতা প্রয়োজন।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেন মন্ত্রী। তিনি বলেন, বড় অঙ্কের প্রাথমিক বিনিয়োগ বাংলাদেশের জন্য কঠিন হতে পারে। বিনিয়োগের অর্থ ধাপে ধাপে পরিশোধের সুযোগ থাকলে তা দেশের জন্য সুবিধাজনক হবে।
বৈঠকে ইউএইর রাষ্ট্রদূত বলেন, দেশটির অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশি কর্মীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্ব দিয়ে এ বিষয়ে বাংলাদেশের সহযোগিতা চান তিনি। পাশাপাশি ইউএই থেকে আমদানি করা লাইমস্টোনের ওপর কর কমিয়ে আমদানি বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রদূত। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন মন্ত্রী।
বৈঠকে ইউএই দূতাবাসের ইকোনমিস্ট অ্যানালিস্ট শাহমিনা ইশা মান্নান, মন্ত্রণালয়ের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক শিবির বিচিত্র বড়ুয়াসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।