প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের মাদকবিরোধী অভিযানের উদ্দেশ্য ভালো হলেও তাঁর হাতে অস্ত্র নেওয়া উচিত হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদ হলরুমে উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের যৌথ আয়োজনে গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্পিকার বলেন, মাদকসেবীদের দমনে ইশরাক হোসেন যে উদ্যোগ নিয়েছিলেন, তার উদ্দেশ্য ভালো ছিল।
তবে একজন প্রতিমন্ত্রীর হাতে অস্ত্র থাকা শোভন নয়। তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। প্রয়োজনে তাঁদের সহায়তা নেওয়া উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। ইশরাকের পদত্যাগের প্রসঙ্গ টেনে হাফিজ উদ্দিন আহমদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্যায় ও অনিয়মের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছেন। এর উদাহরণ হিসেবে তিনি ইশরাক হোসেনের পদত্যাগ এবং আরেক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশে স্পিকার বলেন, ক্ষমতাসীন দলের সদস্যদেরও নিজেদের আচরণ সংশোধন করতে হবে। জনগণের নির্বাচিত সরকার যাতে মানুষের কল্যাণে কাজ করতে পারে, সে জন্য দলীয় নেতাকর্মীদের সরকার ও প্রশাসনকে সহযোগিতা করা উচিত। সংসদে নিজের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমানভাবে কথা বলার সুযোগ দেওয়ার চেষ্টা করেন তিনি। গণতন্ত্রে ভিন্নমত ও সমালোচনার সুযোগ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলেও উল্লেখ করেন স্পিকার। অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদিক, উপজেলা বিএনপির সভাপতি জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




