স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার কোনো ধরনের কলঙ্ক নিতে চায় না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, চলতি অর্থবছরের মধ্যে ৫টি স্থানীয় সরকার নির্বাচন শেষ করার বিষয়ে সরকারের সিদ্ধান্ত বহাল রয়েছে। চলতি অর্থবছরের জুনের মধ্যে ৫টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজনের বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরে এসব কথা জানান প্রতিমন্ত্রী। সরকার গ্রাম পুলিশের আইনগত ক্ষমতা, বেতন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রস্তাবনা চেয়েছে বলেও জানান তিনি । 
প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। চলতি অর্থবছরের মধ্যে এসব নির্বাচন অনুষ্ঠিত না হলে বরাদ্দের অর্থ অব্যবহৃত থেকে যাবে এবং পরবর্তী অর্থবছরে চলে যাবে। নির্ধারিত সময়ের মধ্যে সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশনই জানাতে পারবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।