আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের কারণে শনিবার সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।শুক্রবার বিকেলে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জের ৩৩/১১ কেভি জিআইএস সাবস্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবলের জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।এ সময়ে বিউবোর আওতাধীন শহর ও শহরতলি এলাকার সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে স্থগিত থাকবে।

বিউবো জানিয়েছে, বিজ্ঞপ্তিটি দপ্তরের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে গ্রাহকদের বিষয়টি জানানো হয়েছে।জরুরি মেরামতকাজ চলাকালে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।