রাজশাহীর ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির ব্যাংক হিসাবে সরকারি প্রণোদনার অর্থ পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকালে নগরের ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির জনসভায় ল্যাপটপের বাটন চেপে এ কার্যক্রমের সূচনা করেন তিনি। প্রণোদনার অর্থ জমা হওয়ার পর কৃষকদের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হয়।
সরকারি এ উদ্যোগের আওতায় আখচাষিদের জন্য ১২ কোটি টাকার বেশি প্রণোদনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ৩৮ হাজার ৯৭০ জন কৃষক এ সহায়তা পেয়েছেন। এ সময় দেশের ১৫টি চিনিকল এলাকার ১৫ জন আখচাষির হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম রাজশাহী সফরকে কেন্দ্র করে নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়। মঙ্গলবার বিকাল ৩টায় শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সফরসূচি অনুযায়ী দুপুর সোয়া ১টায় তার রাজশাহীতে পৌঁছানোর কথা ছিল। দেরিতে পৌঁছানোর কারণে রাজশাহী ধর্মসভা মন্দির পরিদর্শন ও সার্কিট হাউসে মধ্যাহ্নবিরতির কর্মসূচি বাতিল করে সরাসরি জনসভায় যোগ দেন তিনি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে বিমানবন্দর থেকে নগরের বিভিন্ন সড়কে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। সড়কে পিচ ঢালাই, রং করা, দেয়ালে চিত্র আঁকা এবং ড্রেন মেরামত করা হয়। জনসভার জন্য মাদ্রাসা মাঠে নির্মাণ করা হয় বিশাল মঞ্চ। মাঠের উঁচু-নিচু অংশ সমান করার কাজও চলে।
জনসভাকে ঘিরে সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসেন। দুপুরের আগেই মাঠে মানুষের উপস্থিতি বাড়তে থাকে। দুপুর আড়াইটার মধ্যে মাঠ নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ হয়ে যায়। মঞ্চে বক্তব্য দেন দলের জাতীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান রাজশাহীর সংসদ সদস্য, বিভাগীয় প্রশাসনের কর্মকর্তা, রাজশাহী রেঞ্জের ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজশাহী-নওগাঁ মহাসড়কের দুই পাশেও সকাল থেকে মানুষের ভিড় দেখা যায়। হাতে পতাকা নিয়ে অনেকেই তার আগমনের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন। নেতাকর্মীদের উপস্থিতি ও সাধারণ মানুষের উচ্ছ্বাসে নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। এর আগে মঙ্গলবার সকালে রংপুরের রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন এবং সেখানে আয়োজিত পথসভায় বক্তব্য দেন তারেক রহমান। রাজশাহী সফর শেষে তার চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।




