ময়মনসিংহ অঞ্চলের বিদ্যুৎ সংকট মোকাবিলায় আবাসিক ভবনের ছাদকে সৌরবিদ্যুৎ উৎপাদনের কাজে ব্যবহারের উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের মাধ্যমে প্রচলিত বিদ্যুতের ওপর নির্ভরতা কমানোর পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) ভালুকা উপজেলা পরিষদের হলরুমে ডমেস্টিক রুফটপ সোলার (ডিটিআরএস) কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ময়মনসিংহ বিভাগে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অবকাঠামোগত সীমাবদ্ধতা দীর্ঘদিনের সমস্যা তৈরি করেছে। আগের সরকারের সময়ে শতভাগ বিদ্যুতায়নের ঘোষণা দেওয়া হলেও প্রয়োজনীয় সঞ্চালনব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে ঘাটতি ছিল বলে অভিযোগ করেন তিনি।
বর্তমান সরকার বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই ময়মনসিংহের লোডশেডিং পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হবে। একই সঙ্গে দেশের জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের নেওয়া পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চান তিনি।
কর্মসূচির প্রাথমিক পর্যায়ে দুটি আবাসিক ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানো হয়েছে। এর মধ্যে সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদের বাড়িতে ব্যাটারিসহ ২০ কিলোওয়াট পিক ক্ষমতার এবং স্থানীয় বাসিন্দা মো. সোহেল রানার বাড়িতে ৫ কিলোওয়াট পিক ক্ষমতার সোলার সিস্টেম স্থাপন করা হয়েছে।
আবাসিক ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার ছড়িয়ে দিতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) ও বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল) যৌথভাবে কর্মসূচিটি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে বাড়ির ছাদে বিদ্যুৎ উৎপাদনের সুযোগ বাড়বে। পাশাপাশি পরিবেশবান্ধব জ্বালানির প্রসার এবং দেশের বিদ্যুৎ ব্যবস্থায় নবায়নযোগ্য শক্তির অংশীদারত্ব বাড়ানোর পথ তৈরি হবে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ। স্বাগত বক্তব্য দেন ইডকলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এস এম মনিরুল ইসলাম। কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন প্রতিষ্ঠানটির নবায়নযোগ্য জ্বালানি বিভাগের প্রধান মো. এনামুল করিম পাভেল।
এ ছাড়া অনুষ্ঠানে বিআইএফএফএলের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম আনিছুজ্জামান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্মসচিব মো. আশফাকুল আমিন মুকুটসহ সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।