কুড়িগ্রাম, গাইবান্ধা ও রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রমে মাঠ প্রশাসনের মধ্যে সমন্বয় আরও জোরদারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।সোমবার (৩১ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার সভাকক্ষে আয়োজিত এক সভায় তিনি এসব নির্দেশ দেন।সভায় তিন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া নিয়ন্ত্রণ, নদীভাঙন, বিদ্যুৎ, স্বাস্থ্য, খাদ্য ও সার সরবরাহসহ বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিমন্ত্রী বলেন, জেলার সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে মাঠ প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে হবে। জরুরি ও জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয় দেখা দিলে তাৎক্ষণিকভাবে তাকে অবহিত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।জেলা প্রশাসকদের নিয়মিত সব উপজেলা পরিদর্শনের পরামর্শ দিয়ে তিনি কুড়িগ্রামের আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় পার্শ্ববর্তী জামালপুর ও লালমনিরহাট জেলার প্রতিনিধিদেরও সম্পৃক্ত করার কথা বলেন।

সভায় জানানো হয়, মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি কমিউনিটি পুলিশিং এবং মসজিদ, মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে।নতুন জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর আওতায় মামলা ও প্রয়োজন অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও সভায় জানানো হয়।

গুজব প্রতিরোধে দ্রুত সঠিক তথ্য প্রচার এবং জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে নদীভাঙন ও স্থানীয় অন্যান্য সমস্যা দ্রুত চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া এবং খাল খনন কার্যক্রম আরও কার্যকর করার নির্দেশনা দেওয়া হয়।সার সরবরাহ নিয়েও সতর্ক থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী। কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের যাতে ভোগান্তিতে পড়তে না হয়, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তিনি।

এ ছাড়া ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার বিষয়েও স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান মীর শাহে আলম।তিনি বলেন, মাঠ প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করলে জেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে। তৃণমূলের মানুষের সমস্যা সরেজমিনে দেখতে সংশ্লিষ্ট জেলাগুলো সফরের কথাও জানান তিনি।