সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের দুই আইনজীবী। এ জন্য বাংলাদেশ বার কাউন্সিলে আনুষ্ঠানিক আবেদন করা হয়েছে। আবেদনকারী দুই আইনজীবী হলেন লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের জোনাথন প্রাইস কেসি ও নিকিলা কৌশিক। তারা সাংবাদিকদের আইনি সুরক্ষা নিয়ে কাজ করেন।
মঙ্গলবার ফারজানা রুপার আইনজীবী মাহবুব শফিক বার কাউন্সিলে আবেদনটি জমা দেন। তিনি জানান, এর আগে গত ১ অক্টোবর দুই ব্রিটিশ আইনজীবী ই-মেইলের মাধ্যমে আবেদন করেছিলেন। নিজেদের উদ্যোগেই তারা ফারজানা রুপার পক্ষে আইনি লড়াইয়ে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।
বার কাউন্সিলে পাঠানো চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন অনুযায়ী বিদেশি আইনজীবীদের ট্রাইব্যুনালে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ রয়েছে। তবে এ জন্য বার কাউন্সিলের অনুমতি প্রয়োজন। এ কারণে আবেদনটি দ্রুত বিবেচনার অনুরোধ জানানো হয়েছে।
আগামী ১ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শাপলা চত্বর-সংক্রান্ত মামলায় ফারজানা রুপার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য রয়েছে। বিচারপ্রক্রিয়া এগিয়ে চলায় বিদেশি আইনজীবীদের অংশগ্রহণের অনুমতি বিষয়ে দ্রুত সিদ্ধান্ত চেয়েছেন তার আইনজীবী।
বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন সিকদার জানিয়েছেন, এ ধরনের আবেদন কাউন্সিলের এজেন্ডাভুক্ত করে উপস্থাপন করা হয়। এরপর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়। ফারজানা রুপার আবেদনও একই প্রক্রিয়ায় বিবেচনা করা হবে।
২০২৪ সালের ২১ আগস্ট বিদেশ যাওয়ার সময় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফারজানা রুপা ও তার স্বামী, একাত্তর টেলিভিশনের তৎকালীন হেড অব নিউজ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে উত্তরা পূর্ব থানার একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। এরপর আদাবর থানার পোশাকশ্রমিক রুবেল হত্যা মামলাতেও তাদের গ্রেপ্তার দেখানো হয়। ওই বছরের ৩১ আগস্ট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
২০২৬ সালের ১১ মে হাইকোর্ট ফারজানা রুপাকে ছয়টি এবং শাকিল আহমেদকে পাঁচটি মামলায় অন্তর্বর্তীকালীন জামিন দেন। তবে অন্য একটি মামলায় জামিন না পাওয়ায় তখন তারা মুক্তি পাননি। পরে ৭ জুন আপিল বিভাগের চেম্বার বিচারপতি ওই জামিনের আদেশ স্থগিত করেন এবং জামিনসংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। এর আগে ২০২৪ সালের ৮ আগস্ট একাত্তর টেলিভিশন ফারজানা রুপা ও শাকিল আহমেদকে তাদের পদ থেকে অব্যাহতি দেয়।