ডিজিটাল সাংবাদিকতার অগ্রযাত্রায় অবদান রাখা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রয়াত প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে শেষ বিদায় জানিয়েছেন স্বজন, বন্ধু, সহকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শনিবার রাজধানীর বনানীতে তার মরদেহে রাষ্ট্রপতির পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
ওল্ড ডিওএইচএস খেলার মাঠে দুপুর আড়াইটার দিকে মরদেহ রাখা হলে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রাইসুল ইসলাম ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি রাষ্ট্রপতির পক্ষে শোকবইয়ে স্বাক্ষর করেন। একই মাঠে বিকাল সাড়ে ৩টায় খালিদীর জানাজা অনুষ্ঠিত হয়। পরে বিকাল ৫টায় মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার দাফনের কথা রয়েছে।
গত ১ অক্টোবর লন্ডনে অবস্থানকালে অসুস্থ হয়ে পড়েন তৌফিক ইমরোজ খালিদী। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। পরদিন স্থানীয় সময় দুপুর ২টা ২৩ মিনিটে তার মৃত্যু হয়।
শনিবার সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার কফিন ঢাকায় আনা হয়। এর আগে ৮ অক্টোবর পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে তার জানাজা হয়। সেখানে সাবেক সহকর্মী ও স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন।
খালিদীর মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে শোক বিরাজ করছে। সংবাদমাধ্যমের বিকাশে তার ভূমিকা ও কর্মজীবনের স্মৃতি তুলে ধরছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা।