খ্যাতনামা সাংবাদিক ও পিরোজপুরের কৃতী সন্তান আমীর খসরুর মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) মাগরিবের নামাজের পর শহরের দি গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে বন্ধুবান্ধবদের সংগঠন ‘ক্লাব ফিফটি প্লাস’ এ আয়োজন করে।
সভায় বক্তারা বলেন, আমীর খসরু ছিলেন অভিজ্ঞ, সাহসী ও পেশার প্রতি নিষ্ঠাবান সাংবাদিক। সাংবাদিকতা ও লেখালেখির মাধ্যমে তিনি দেশে-বিদেশে পরিচিতি অর্জন করেছিলেন। তার মৃত্যু দেশের সাংবাদিকতা অঙ্গনে অপূরণীয় ক্ষতি। বিভিন্ন জাতীয় পত্রিকায় কাজ করার পাশাপাশি তিনি ‘সাপ্তাহিক বুধবার’ সম্পাদনা করতেন। পেশাগত অবদান ও কর্মের মধ্য দিয়ে তিনি দীর্ঘদিন মানুষের স্মৃতিতে বেঁচে থাকবেন।
বক্তারা আরও বলেন, দৃঢ়চেতা আমীর খসরু নিজের চিন্তা ও আদর্শের প্রতি অবিচল থেকে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার পিতা ছিলেন একজন আদর্শ শিক্ষক। নিজ মেধা ও যোগ্যতায় তিনিও মানুষের ভালোবাসা ও সম্মান অর্জন করেছিলেন। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ তার কর্মময় জীবনের স্বীকৃতি বহন করে।
ক্লাব ফিফটি প্লাসের সভাপতি অ্যাডভোকেট আহসানুর কবির বাদলের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন মিজানুর রহমান থোকন। বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা নুরু দিদা খালেদ রবি, বীর মুক্তিযোদ্ধা সামসুদ্দোহা মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল হক চান, জ্যেষ্ঠ সাংবাদিক মুনিরুজ্জামান নাসিম আলী, সরকারি কৌঁসুলি আবুল কালাম আকন, গাজী ওয়াহেদুজ্জামান লাভলু, আবদুস সালাম বাতেন, শেখ শহিদুল্লাহ সহি, মির্জা জহিরুল হক, অ্যাডভোকেট সমর কৃষ্ণ লিটু, ডা. সুখরঞ্জন দাস, মো. লুৎফর রহমান ও জিয়াউল আহসানসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
সভা শেষে আমীর খসরুর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানানো হয়।