ক্যাফেতে গিয়ে ক্যাপাচিনো খাওয়ার অভ্যাস থাকলেও ঘরে কফি মেশিন না থাকায় অনেকেই তা তৈরি করতে পারেন না। তবে সামান্য কিছু উপকরণ আর একটি প্লাস্টিকের বোতল ব্যবহার করেই খুব সহজে তৈরি করা যায় ঘন ফেনাযুক্ত ক্যাফে-স্টাইল ক্যাপাচিনো।


যা লাগবে
* ইনস্ট্যান্ট কফি—২ চা চামচ* চিনি—২ চা চামচ বা স্বাদ অনুযায়ী* ফুল-ক্রিম দুধ—১ কাপ* কুসুম গরম পানি—১ থেকে ২ টেবিল চামচ* কোকো পাউডার বা দারুচিনি—সামান্য
 যেভাবে তৈরি করবেন
প্রথমে একটি পরিষ্কার ও শুকনো ছোট প্লাস্টিকের বোতল নিন। এতে ইনস্ট্যান্ট কফি, চিনি এবং কুসুম গরম পানি ঢেলে বোতলের ঢাকনা শক্ত করে বন্ধ করুন।এবার বোতলটি একটানা ১ থেকে ২ মিনিট ভালোভাবে ঝাঁকাতে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন কফি ও চিনির মিশ্রণটি হালকা বাদামি রঙের ঘন ক্রিমের মতো হয়ে গেছে।

প্লাস্টিকের বোতল ব্যবহার করতে না চাইলে কাপেও একই কাজ করা যায়। সেক্ষেত্রে চামচ বা হ্যান্ড হুইস্ক দিয়ে প্রায় ৫ থেকে ৭ মিনিট ফেটাতে হবে।এরপর আলাদা একটি পাত্রে ফুল-ক্রিম দুধ ভালোভাবে গরম করুন। দুধ ফুটে উঠলে চুলা বন্ধ করে হ্যান্ড হুইস্ক বা ডাল ঘুটনি দিয়ে দ্রুত নাড়ুন। এতে দুধের ওপরও ফেনা তৈরি হবে।


এবার ক্যাপাচিনো পরিবেশন
কফির জন্য নির্ধারিত কাপে প্রথমে বোতলে তৈরি ঘন কফির ফোম ঢেলে দিন। এরপর কিছুটা ওপর থেকে কাপের এক পাশ দিয়ে ধীরে ধীরে গরম দুধ ঢালুন।
দুধের প্রবাহে কফির ফেনা ধীরে ধীরে ওপরে উঠে আসবে। নিচের কফি ও দুধ চামচ দিয়ে হালকা করে মিশিয়ে নিন। তবে ওপরে তৈরি ফোমের স্তরটি নেড়ে ফেলবেন না।
সবশেষে ফোমের ওপর সামান্য কোকো পাউডার, দারুচিনি বা কফি পাউডার ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া ক্যাফে-স্টাইল ক্যাপাচিনো।