রাজধানীর ধানমন্ডিতে আল মুক্কাবির ইসলাম অর্ণবের মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্তভার অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে ধানমন্ডি থানা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ না করে নতুন করে তদন্তের এ নির্দেশ দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনাইদের আদালত এ আদেশ দেন। মামলার বাদী ও অর্ণবের মা হালিমা খাতুন তদন্তের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানিয়ে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে আবেদন করেছিলেন।
বাদীপক্ষের অভিযোগ, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ ছাড়াই পুলিশ তদন্ত শেষ করেছে। পাশাপাশি শতকোটি টাকার পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়টিও যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি। পরিবারের দাবি, সম্পত্তির বিরোধের জের ধরে অর্ণবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে উল্লেখ করে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়।
হালিমা খাতুনের অভিযোগ, মামলার আসামিরা পুলিশের সঙ্গে যোগসাজশ করে ঘটনাটিকে ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, সাত মাস পেরিয়ে গেলেও ন্যায়বিচারের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি নেই। যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা জামিনে রয়েছেন। গুরুত্বপূর্ণ সাক্ষীদের জিজ্ঞাসাবাদ না করেই মনগড়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অন্যদিকে, বাদীপক্ষের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি থানার উপপরিদর্শক আব্দুল করিম। তাঁর বক্তব্য, তদন্তে যেসব তথ্য পাওয়া গেছে, সেগুলোই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, অর্ণবের মৃত্যুর পর ধানমন্ডি থানায় প্রথমে অপমৃত্যুর মামলা হয়েছিল। পরে গত ২১ মে তাঁর মা হালিমা খাতুন তিন চাচা-ফুপুসহ ১২ জনকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৭ সালে অর্ণবের বাবা রফিকুল ইসলামের মৃত্যুর পর তাঁর রেখে যাওয়া বিপুল সম্পত্তি নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে বিরোধ দেখা দেয়। পৈতৃক সম্পত্তির হিসাব বুঝে নেওয়া এবং নিজের অংশের সম্পদ ভোগদখল বা হস্তান্তরের চেষ্টা করায় চাচাদের সঙ্গে অর্ণবের বিরোধ বাড়ে।
পরিবারের দাবি, মৃত্যুর দুই দিন আগেও অর্ণব তাঁর মা ও খালার কাছে চাচার মাধ্যমে মানসিক নির্যাতনের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। তাঁকে মানসিক ভারসাম্যহীন আখ্যা দিয়ে চিকিৎসকের কাছে নেওয়ার চাপ দেওয়া হচ্ছিল বলেও অভিযোগ রয়েছে। একপর্যায়ে পরিস্থিতি বুঝতে পেরে তিনি বাসা ছেড়ে খালা শাহনাজ বেগমের বাসায় আশ্রয় নেন এবং নিজের সমস্যার কথা জানান।
এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, অর্ণবকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করতে তাঁর চলাফেরা ও ব্যক্তিগত সিদ্ধান্ত গ্রহণে বাধা দেওয়া হতো। এমনকি গৃহকর্মীদের মাধ্যমে ঘুমের ওষুধ বা অচেতনকারী দ্রব্য খাওয়ানোর চেষ্টার অভিযোগও রয়েছে। পরিবারের দাবি, হত্যার ঘটনাকে আত্মহত্যা হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা এখনো আদালতে চূড়ান্তভাবে প্রমাণিত হয়নি।
গত ২ মে দুপুরে ধানমন্ডির ১১ নম্বর সড়কে নিজেদের বাসার সামনে অর্ণবের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পরিবারের দাবি, ময়নাতদন্ত প্রতিবেদনে মাথায় আঘাতের কারণে মৃত্যুর বিষয়টি উঠে এসেছে। এ নিয়েই পুলিশের তদন্ত প্রতিবেদনের সঙ্গে তাদের আপত্তি তৈরি হয়।