২০২৭ শিক্ষাবর্ষে দেশের সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়ায় লটারির পরিবর্তে ভর্তি পরীক্ষা নেওয়ার সরকারি সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয়েছে।বুধবার (৭ অক্টোবর) ‘মুভমেন্ট ফর হিউম্যান রাইটস অ্যান্ড গুড গভর্ন্যান্স ফাউন্ডেশন’-এর নির্বাহী পরিচালক মিনহাজ উদ্দিন আহমেদ এ রিট দায়ের করেন।রিটে শিক্ষা সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং অধিদপ্তরের সংশ্লিষ্ট একজন উপসচিবকে বিবাদী করা হয়েছে।
রিটের শুনানি আগামী সপ্তাহে বিচারপতি এস এম মনিরুজ্জামান এবং বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে হতে পারে বলে জানা গেছে।দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২১ সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারির পদ্ধতি চালু করা হয়েছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে লটারি পদ্ধতি বহাল রাখা হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হবে পরীক্ষার মাধ্যমে।
সরকারের এ সিদ্ধান্তের বিরোধিতা করে রিটকারী পক্ষের দাবি, ভর্তি পরীক্ষার ব্যবস্থা চালুর আগে এ বিষয়ে পর্যাপ্ত গবেষণা ও তথ্য-উপাত্ত বিশ্লেষণ করা হয়নি। একই সঙ্গে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামতও যথাযথভাবে নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়েছে।
রিটকারীদের আইনজীবী জাহিদ তালুকদার বলেন, ভর্তি পরীক্ষা চালু হলে শিক্ষার্থীদের ওপর বাড়তি মানসিক চাপ তৈরি হতে পারে। 
পাশাপাশি কোচিংনির্ভরতা বাড়ার সুযোগ রয়েছে। এতে আর্থিকভাবে স্বচ্ছল পরিবারের শিক্ষার্থীরা অতিরিক্ত সুবিধা পেতে পারে এবং শিক্ষাক্ষেত্রে বৈষম্য আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।রিটে সরকারি সিদ্ধান্তের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আদালত বিষয়টি শুনানির পর কী সিদ্ধান্ত দেন, এখন সেটিই দেখার বিষয়।