বিমানবাহিনীর চাকরিচ্যুত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরী হত্যা মামলায় তিন দফায় ১০ দিনের রিমান্ড শেষে ব্যবসায়িক অংশীদার ও বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেও বেশ কিছু প্রশ্নের উত্তর এড়িয়ে গেছেন বলে জানিয়েছে তদন্তসংশ্লিষ্ট সূত্র।
শনিবার (৭ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুরের টঙ্গী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দীপকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে তাঁর আইনজীবী জামিনের আবেদন জানালেও আদালত তা নামঞ্জুর করেন।
নৌপুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে দীপ ঘটনার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে সেগুলো এখনই প্রকাশ করা হচ্ছে না। তার দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। তদন্তসংশ্লিষ্ট সূত্রের ভাষ্য, জিজ্ঞাসাবাদের সময় বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে কৌশলে এড়িয়ে গেছেন তিনি। কিছু বিষয়ে নীরবও ছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ২৭ অক্টোবরের ঘটনাপ্রবাহ সম্পর্কে দীপ নিজের একটি বিবরণ দিয়েছেন। তার দাবি, ওই দিন সন্ধ্যা ৬টার দিকে তিনি বাসা থেকে তাহসিফকে ডেকে নিয়ে যান। পরে দুজন একটি মোটরসাইকেলের গ্যারেজে গিয়ে সেটির কাজ করান। এরপর আরেক আসামি এক তরুণীকে সঙ্গে নিয়ে তারা কয়েকবার সিপি ফাইভ স্টারে নাশতা করেন। রাতে তিনজন নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে যান। সেখানে তারা বিয়ার পান ও ধূমপান করেন।
একপর্যায়ে ওই তরুণীকে মোটরসাইকেলে করে বাসায় পৌঁছে দেন তাহসিফ। এরপর দীপ ও তাহসিফ নিজ নিজ বাসায় চলে যান। পরে রাত ১২টা ৪০ মিনিটের দিকে তারা টঙ্গীর মাজারবস্তি এলাকায় পৌঁছান। দীপের বর্ণনা অনুযায়ী, সেখান থেকে বস্তির ভেতর দিয়ে তুরাগ নদের তীরবর্তী একটি মাঠে যান তারা। সেখানে কয়েকজন মানুষকে দেখে দুজন আলাদা হয়ে যান। এরপর কী ঘটেছিল, তা তার বক্তব্য ও অন্যান্য তদন্ততথ্য মিলিয়ে যাচাই করছেন তদন্তকারীরা।
এর আগে গত ৩১ অক্টোবর প্রথম দফায় দীপের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ৩ ও ৫ নভেম্বর দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ছয় দিনের রিমান্ড দেওয়া হয়। সব মিলিয়ে তিন দফায় ১০ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।
এ মামলার অপর আসামি ওই তরুণীকেও দুই দফায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। গত ১ নভেম্বর চার দিন এবং ৪ নভেম্বর আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে তাঁকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার পর দীপের ডাকে বাসা থেকে বের হন তাহসিফ। রাত গভীর হলেও তিনি বাসায় না ফেরায় তার মা একাধিকবার ফোন করেন। একপর্যায়ে তাহসিফ কিছুক্ষণের মধ্যে ফিরে আসার কথা জানান। পরে রাত ১টা ৩৫ মিনিটে মেসেঞ্জারে তার ফোন থেকে মায়ের কাছে একটি ভয়েস বার্তা পাঠানো হয়। সেখানে বলা হয়, ‘রওনা দিয়েছি, আসছি।’
তবে এরপর রাত পেরিয়ে পরদিন বিকেল হলেও বাসায় ফেরেননি তাহসিফ। ২৮ অক্টোবর বিকেল ৫টা ২০ মিনিটের দিকে উত্তরখান নৌপুলিশ তার বাবা কে এম এনায়েতুল করিমকে ফোন করে জানায়, উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় তুরাগ নদ থেকে তাঁর ছেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরদিন ২৯ অক্টোবর ময়নাতদন্তের প্রাথমিক প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে নৌপুলিশ। ওই দিন বিকেলে উত্তরার ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাহসিফকে দাফন করা হয়।
এ ঘটনায় নিহতের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে উত্তরখান থানায় হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। পরে সন্দেহভাজন হিসেবে দীপ ও ওই তরুণীকে গ্রেপ্তার দেখানো হয়।