বিদেশি বিনিয়োগকারীদের আইনি সুরক্ষা এবং ব্যবসায়িক বিরোধ দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে দেশে বিশেষায়িত বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার। প্রাথমিকভাবে ঢাকায় তিনটি ও চট্টগ্রামে দুটি আদালত গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে। পাশাপাশি বিদ্যমান বাণিজ্যিক আদালত আইন সংশোধন করে আধুনিক ও বিনিয়োগবান্ধব করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে বাণিজ্যিক আদালত আইন সংস্কার নিয়ে আয়োজিত অংশীজন পরামর্শ সভায় এসব পরিকল্পনার কথা জানান আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
মন্ত্রী জানান, শুরুতে সীমিতসংখ্যক আদালত প্রতিষ্ঠার মাধ্যমে বিচারকদের বিশেষায়িত অভিজ্ঞতা ও দক্ষতা তৈরির পরিকল্পনা রয়েছে। পরবর্তী সময়ে প্রয়োজন অনুযায়ী এ ব্যবস্থা সম্প্রসারণের বিষয়টি বিবেচনা করা হবে।
তিনি বলেন, বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও কার্যকর আইনি পরিবেশ নিশ্চিত করতে হবে। বিনিয়োগের অনুমোদন প্রক্রিয়া সহজ করার পাশাপাশি ব্যবসায়িক বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রেও কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
বিনিয়োগ অনুমোদনের জটিলতা তুলে ধরে আইনমন্ত্রী বলেন, আগে বিদেশি বিনিয়োগকারীদের অনুমতির জন্য ২০ থেকে ২৫টি প্রতিষ্ঠানে যেতে হতো এবং এতে ছয় মাস পর্যন্ত সময় লাগত। এ প্রক্রিয়া সহজ করে সমন্বিত ব্যবস্থার মাধ্যমে কয়েক দিনের মধ্যে অনুমোদন দেওয়ার পরিকল্পনা করছে সরকার।
বিদেশি বিনিয়োগকারীদের মুনাফা দেশে থেকে বাইরে নেওয়ার ক্ষেত্রে স্থানীয় অংশীদারদের সঙ্গে বিরোধ, শ্রমিকদের করা ফৌজদারি মামলা এবং ভ্যাটসংক্রান্ত জটিলতা বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
বিদ্যমান আইনের দুর্বলতা স্বীকার করে মো. আসাদুজ্জামান বলেন, বর্তমান আইন দিয়ে বিনিয়োগকারীদের সব ধরনের সমস্যা সমাধান সম্ভব নয়। এতে প্রচলিত বিভিন্ন আইনের বিষয় যুক্ত করার পাশাপাশি সালিশি ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন রয়েছে। এসব সীমাবদ্ধতা দূর করে নতুনভাবে আইনটি সাজানোর কাজ চলছে।
আইনমন্ত্রী আরও জানান, বিদেশি বিনিয়োগকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এবং এ ধরনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়গুলোও পর্যালোচনায় রাখা হবে।
সভায় অংশ নেওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের আগামী ১০ দিনের মধ্যে লিখিতভাবে সুনির্দিষ্ট সুপারিশ জমা দেওয়ার আহ্বান জানান তিনি। এসব মতামত পর্যালোচনা করে আইনের খসড়া চূড়ান্ত করার প্রস্তুতি নেওয়া হবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী জানুয়ারিতে জাতীয় সংসদের অধিবেশনে সংশোধিত আইনটি উপস্থাপন করা হতে পারে।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের যৌথ আয়োজনে সভাটি অনুষ্ঠিত হয়। এতে অ্যাটর্নি জেনারেল, আইন ও বিচার বিভাগের সচিব, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির প্রতিনিধি, ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও নরওয়ের প্রতিনিধিরা বক্তব্য দেন।