জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিচার কার্যক্রম শেষ সাক্ষ্যের পর্যায়ে পৌঁছেছে। মামলায় ইতোমধ্যে ১৪ জন সাক্ষীর জবানবন্দি ও জেরা সম্পন্ন হয়েছে। এবার তদন্ত কর্মকর্তার সাক্ষ্য নেওয়ার জন্য আগামী ২৪ নভেম্বর দিন নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১৮ নভেম্বর) ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী এ আদেশ দেন। এদিন মামলার ১৪তম সাক্ষী কামরুল হাসানের সাক্ষ্য ও জেরা শেষ হয়। তিনি তদন্তের সময় বিভিন্ন আলামত ও নথি জব্দ এবং জব্দতালিকা তৈরির প্রক্রিয়ায় যুক্ত ছিলেন। আদালতে এসব কার্যক্রমের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়ে বক্তব্য দেন তিনি।
রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, প্রত্যক্ষদর্শী ও অন্যান্য সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী ২৪ নভেম্বর মামলার প্রধান তদন্ত কর্মকর্তাকে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির করা হবে। তার সাক্ষ্য শেষ হলে বিচারিক কার্যক্রমের এ পর্যায় সম্পন্ন হবে। এরপর মামলাটি যুক্তিতর্কের দিকে এগোবে।
এ মামলায় গত ১২ জানুয়ারি সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে পাঁচটি অভিযোগের ভিত্তিতে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে ২০২৫ সালের ৪ ডিসেম্বর অভিযোগগুলো গ্রহণ করেন ট্রাইব্যুনাল।
রাষ্ট্রপক্ষের অভিযোগে ২০২৪ সালের আন্দোলন দমনে নীতিগত সিদ্ধান্ত, বিভিন্ন সময়ে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতায় উসকানি, মিরপুরের একাধিক স্থানে হত্যাকাণ্ডে প্ররোচনা ও ষড়যন্ত্রের বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া ৫ আগস্ট ঢাকামুখী আন্দোলন ঠেকানোর পরিকল্পনা এবং মিরপুরের বিভিন্ন এলাকায় হত্যাকাণ্ডে নির্দেশনা দেওয়ার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।