জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম ও সাবেক যুগ্মসচিব ধনঞ্জয় কুমার দাসের বিরুদ্ধে বিচার শুরুর বিষয়ে সিদ্ধান্ত জানাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পক্ষে-বিপক্ষে উভয় পক্ষের বক্তব্য শুনে আগামী ২ ডিসেম্বর আদেশের দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।
বুধবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ তারিখ ঘোষণা করেন। শুনানিতে প্রসিকিউশন দাবি করে, জুলাই-আগস্টে শিক্ষার্থীদের আন্দোলন দমনের পরিকল্পনা, হত্যাকাণ্ডে উসকানি ও ষড়যন্ত্রে দুই সাবেক কর্মকর্তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁদের বিরুদ্ধে ঊর্ধ্বতন নেতৃত্বের দায়ের অভিযোগসহ একাধিক সুনির্দিষ্ট অভিযোগের কথাও তুলে ধরা হয়।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর আবদুস সাত্তার পালোয়ান আদালতে বলেন, তৎকালীন স্বরাষ্ট্রসচিব জাহাংগীর আলম দিনের বেলায় দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় অনুষ্ঠিত কোর কমিটির বৈঠকে অংশ নিতেন। এসব বৈঠকে আন্দোলন দমনের পরিকল্পনা করা হতো বলে অভিযোগ করেন তিনি। তার বক্তব্যে কারফিউ জারি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানের বিষয়টিও উঠে আসে।
প্রসিকিউশনের দাবি, দুই আসামির বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক উপাদান ও পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে। তাই তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করা প্রয়োজন।
তবে অভিযোগ অস্বীকার করে আত্মপক্ষ সমর্থন করেন আইনজীবীরা। জাহাংগীর আলমের আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, তিনি সরকারি দায়িত্বের অংশ হিসেবেই বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন। ব্যক্তিগত কোনো উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে যুক্ত ছিলেন না।
অন্যদিকে পলাতক ধনঞ্জয় কুমার দাসের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন দাবি করেন, তার মক্কেলও কেবল সরকারি দায়িত্ব পালন করেছেন। অপরাধের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার করে তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানান তিনি।
পরে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম পাল্টা যুক্তি তুলে ধরে বলেন, সরকারি দায়িত্ব পালনের আড়ালে অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির দায় এড়ানোর সুযোগ নেই। দায়িত্বশীল পদে থাকা কাউকেই আইনের ঊর্ধ্বে বিবেচনা করা যায় না।
উভয় পক্ষের বক্তব্য শোনার পর ট্রাইব্যুনাল ২ ডিসেম্বর আদেশের দিন ধার্য করেন। ওই দিন দুই সাবেক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত আসবে। উল্লেখ্য, গত ২৭ আগস্ট ট্রাইব্যুনাল এই দুই আসামির বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছিলেন।



