ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণ থেকে হাতকড়া খুলে আবারও পালিয়েছেন শরিফুল ইসলাম নামের এক বিচারাধীন আসামি। এর আগে ২০২৫ সালের জুনেও পুলিশকে মারধর করে আদালত এলাকা থেকে পালিয়েছিলেন তিনি।
মঙ্গলবার (৬ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জামসেদ আলমের আদালতে হাজিরা শেষে হাজতখানায় নেওয়ার সময় দ্বিতীয়বারের মতো পালিয়ে যান শরিফুল।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্যগ্রহণের জন্য কারাগার থেকে শরিফুলকে আদালতে আনা হয়েছিল। হাজিরা শেষে ফেরত নেওয়ার সময় তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।
আদালত সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৯ জুন তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে হাজতখানায় নেওয়ার সময় দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের মারধর করে প্রথমবার পালিয়ে যান শরিফুল। পরে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করা হয়।
সেই মামলারই সাক্ষ্যগ্রহণের জন্য মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হয়েছিল। তবে সাক্ষী উপস্থিত না থাকায় সেদিন সাক্ষ্যগ্রহণ হয়নি। শুনানি শেষে ডিএমপি প্রসিকিউশন বিভাগের কনস্টেবল আব্দুল আলিম তাকে এজলাস থেকে হাজতখানায় নিয়ে যাচ্ছিলেন।
এ সময় হঠাৎ হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যান তিনি।
ঘটনার পর আদালত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে পলাতক শরিফুলকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করেছে পুলিশ।