হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিলের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন খারিজ করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
হাতিয়া উপজেলার বাসিন্দা ও নোয়াখালী-৬ আসনের ভোটার নাজমুল হোসেন গত ১৯ আগস্ট রিটটি দায়ের করেন। আবদুল হান্নান মাসউদের আইনজীবী জহিরুল ইসলাম মুসা সাংবাদিকদের রিট খারিজের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে হলফনামায় সম্পদের তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগ তুলে তার সংসদ সদস্য পদ শূন্য বা বাতিল ঘোষণার নির্দেশনা চাওয়া হয়েছিল। তবে হাইকোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছেন।


