রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু হয়েছে হাইকোর্টে।
আজ বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত বিশেষ হাইকোর্ট বেঞ্চে এ শুনানি শুরু হয়। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী। এ মামলায় দুই আসামির সর্বোচ্চ সাজা বহাল থাকবে বলে প্রত্যাশা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার দায়ে সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা ও স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ফ্ল্যাটের শৌচাগারের গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা। পরে ওই বাসা থেকে তার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ ঘটনায় রামিসার বাবা পল্লবী থানায় হত্যা মামলা করেন।
ঘটনার পর ২১ মে প্রধানমন্ত্রী তারেক রহমান রামিসার পরিবারের সঙ্গে দেখা করে শোক ও সমবেদনা জানান। তিনি মামলার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।