মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডিত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এ দাবিতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।
বুধবার আইনজীবী মাহমুদুল হাসান ই-মেইলের মাধ্যমে মন্ত্রিপরিষদ সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক এবং নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারকে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, দীর্ঘদিন সরকারপ্রধানের দায়িত্ব পালন করায় শেখ হাসিনার কাছে দেশের প্রতিরক্ষা কাঠামো, গোয়েন্দা কার্যক্রম, কূটনৈতিক যোগাযোগ এবং জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ তথ্য থাকার সম্ভাবনা রয়েছে। ভারতে তাঁর দীর্ঘ অবস্থান এসব স্পর্শকাতর তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করতে পারে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এতে আরও বলা হয়, প্রতিবেশী দেশে সাবেক সরকারপ্রধানের দীর্ঘস্থায়ী অবস্থান দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে জটিলতা ও নিরাপত্তাঝুঁকি তৈরি করতে পারে। এসব বিবেচনায় কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করে তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়েছে।
অন্যদিকে, নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের সহিংস কর্মকাণ্ডসংক্রান্ত সংবাদ গণমাধ্যমে প্রচার ও প্রকাশ বন্ধে প্রয়োজনীয় আইনানুগ নির্দেশনা চেয়ে সরকারকে আরেকটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বুধবার সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এই নোটিশ পাঠান। তবে নোটিশে উত্থাপিত দাবির বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত বা প্রতিক্রিয়ার তথ্য পাওয়া যায়নি।



