অন্য ব্যক্তির নামের সঙ্গে মিল থাকায় অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেপ্তার হয়ে প্রায় ১০ মাস কারাগারে কাটাতে হয়েছে মো. আলমাসকে। বিচারিক অনুসন্ধানে তিনি প্রকৃত আসামি নন বলে নিশ্চিত হওয়ার পর তাকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
রবিবার (৮ নভেম্বর) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আলমাসের পক্ষে আইনজীবী তানভীর আহমেদ এবং রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ শুনানি করেন।
আদালত সূত্রে জানা যায়, ঢাকার মিরপুর থানার একটি অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. আলমাছ। তার বাড়ি ঢাকার দোহার উপজেলার পূর্ব ধোয়াইর গ্রামে। মামলার পর থেকে তিনি পলাতক রয়েছেন এবং বর্তমানে কানাডায় অবস্থান করছেন।
অন্যদিকে একই উপজেলার কুসুমহাটি এলাকার বাসিন্দা শেখ খলিলের ছেলে মো. আলমাসকে ভুল পরিচয়ে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। নিজের নির্দোষ দাবি করে মুক্তির আবেদন জানিয়ে তিনি হাইকোর্টের দ্বারস্থ হন। পরে আদালত ঘটনার সত্যতা যাচাইয়ে বিচারিক অনুসন্ধানের নির্দেশ দেন।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহফুজুর রহমানের অনুসন্ধানে দুই ব্যক্তির পরিচয় ও পারিবারিক তথ্যের মধ্যে একাধিক অমিল পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তির বাবার নাম শেখ খলিল এবং দাদার নাম শেখ নওয়াব আলী। অথচ মামলার সাজাপ্রাপ্ত আসামির বাবার নাম খলিল আহম্মেদ ও দাদার নাম শেখ শহর আলী।
দুজনের বয়স, পারিবারিক পরিচয় ও পেশাতেও পার্থক্য রয়েছে। মূল মামলার সময় ২০০২ সালে আলমাছের বয়স ছিল ২৪ বছর। অন্যদিকে বর্তমানে কারাবন্দি আলমাসের জন্ম ১৯৮৫ সালের ১০ ডিসেম্বর হওয়ায় ওই সময় তার বয়স ছিল মাত্র ১৭ বছর। পেশাগতভাবেও দুজনের জীবনযাপনে পার্থক্য রয়েছে। একজনের ঢাকার মিরপুরে বসবাসের তথ্য থাকলেও আলমাস গ্রামে কৃষিকাজ ও বৈদ্যুতিক কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
অনুসন্ধান প্রতিবেদনে গ্রেপ্তার প্রক্রিয়ায় পুলিশি তদন্তের ত্রুটি ও ঠিকানা যাচাইয়ে অবহেলার বিষয়টিও উঠে আসে। নথিপত্র পর্যালোচনা করে হাইকোর্ট নিশ্চিত হন, সাজাপ্রাপ্ত আসামি ও কারাবন্দি আলমাস আলাদা ব্যক্তি। এরপরই তাকে অবিলম্বে মুক্তি দেওয়ার নির্দেশ দেন আদালত।


