বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে নতুন করে তৎপর হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় সংশ্লিষ্টতার বিষয়ে জানতে তার পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে নিজেদের হেফাজতে নিয়েছে তদন্ত সংস্থাটি।
শুক্রবার সকালে পিবিআইয়ের অতিরিক্ত উপমহাপরিদর্শক এনায়েতুর রহমান মান্না দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে পিবিআই উত্তর বিভাগের একটি দল রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বি ব্লকের একটি আবাসিক ভবনের তৃতীয় তলা থেকে দীপকে হেফাজতে নেয়। তিনি ওই এলাকার বাসিন্দা সেলিম রেজার ছেলে।
এনায়েতুর রহমান মান্না জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে দীপকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়া হয়েছে।
তাহসিফ নিখোঁজ হওয়ার আগের সময়ের একটি সিসিটিভি ফুটেজে তার সঙ্গে একজনকে দেখা যায়। পরিবারের সদস্যরা ওই ব্যক্তিকে দীপ হিসেবে শনাক্ত করেন। তিনি তাহসিফের জুনিয়র বন্ধু বলে জানিয়েছেন স্বজনেরা।
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় বাসা থেকে বের হওয়ার পর তাহসিফের আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। ওই দিন রাত ১টা ৩৫ মিনিটে মাকে পাঠানো বার্তায় তিনি লিখেছিলেন, ‘মা, আসছি।’ এরপর তার সঙ্গে পরিবারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম জানান, নিখোঁজ হওয়ার দিন ছেলের সময় কেটেছিল মায়ের সঙ্গে কেনাকাটা করে। বাবার জন্যও কিছু জিনিস কিনেছিলেন তিনি। সন্ধ্যার দিকে তাহসিফের এক জুনিয়র বন্ধু বাসার নিচে এসে তাকে ডাকেন। বন্ধুর সঙ্গে কথা বলে দ্রুত ফিরে আসবেন বলে মাকে জানিয়েই বের হয়েছিলেন তিনি। ছেলের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তার মা একাধিকবার ফোন করেন। কিন্তু কোনো সাড়া পাননি।
এদিকে, নিখোঁজের পরদিন বুধবার বিকেলে টঙ্গীর তুরাগ নদের রাজাবাড়ী ঘাট এলাকায় তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ছেলের সন্ধানে তার বাবা তুরাগ থানায় গিয়েছিলেন। পরে বিকেল সোয়া ৫টার দিকে উত্তরখান থানার ওসি হাবিবুর রহমান ফোন করে মরদেহ উদ্ধারের খবর জানান এবং পরিচয় নিশ্চিত করেন।
তাহসিফের মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে পিবিআই। দীপকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে তদন্তে নতুন কোনো তথ্য পাওয়া যায় কি না, এখন সেটিই দেখার বিষয়।