দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আবারও আদালতের মুখোমুখি হলেন চিত্রনায়িকা পরীমনি। বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঢাকার আদালতে হাজির হন তিনি।
সকাল সাড়ে ১০টার দিকে আদালত প্রাঙ্গণে পৌঁছান এই অভিনেত্রী। ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলার অভিযোগ গঠন নিয়ে শুনানির কথা রয়েছে। পরীমনির পক্ষে আইনি লড়াই করবেন আইনজীবী নীলাঞ্জনা রিফাত।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর শুনানির তারিখ থাকলেও পায়ের ব্যথার কারণে আদালতে উপস্থিত হতে পারেননি পরীমনি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে সেদিন শুনানি পিছিয়ে ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০২১ সালের ৪ আগস্ট বনানীতে পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। পরদিন তারসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। তদন্ত শেষে একই বছরের ৪ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
২০২২ সালের ৫ জানুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ওই আদেশ চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হন পরীমনি। পরে হাইকোর্ট তার ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেন।
পরীমনির আইনজীবী আশা প্রকাশ করেছেন, মামলায় তিনি ন্যায়বিচার পাবেন। এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।



