জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া মামলায় কারাবন্দি রয়েছেন রাজধানীর পল্লবীর বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদের প্রধান পৃষ্ঠপোষক নেওয়াজ আহমেদ খান। পল্লবী থানায় দায়ের করা একটি মামলায় গ্রেপ্তারের পর একই দিনের শাহবাগে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে করা আরেকটি মামলায় তাকে আসামি করা হয়েছে। তবে শাহবাগের ঘটনার সময় তিনি পল্লবী থানা পুলিশের হেফাজতে ছিলেন বলে দাবি করেছে তার সংগঠন। তাদের প্রশ্ন, পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি কীভাবে শাহবাগে হামলায় অংশ নিলেন?
পুলিশ ও মামলাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২০ জুলাই পল্লবী থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ বক্সে অগ্নিসংযোগ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ভাঙচুর এবং সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা ওই মামলায় নেওয়াজ আহমেদ খানকে এক নম্বর আসামি করা হয়। মামলাটিতে ২০২৪ সালের ৩ আগস্ট ভোরে পল্লবীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৮ আগস্ট জামিনে মুক্তি পান তিনি।
এর প্রায় ছয় মাস পর, ২০২৫ সালের ৮ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের সময় শাহবাগ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে মামলাটি করা হয়। এতে ৯৬ নম্বর আসামি হিসেবে নেওয়াজ আহমেদ খানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, ২০২৪ সালের ৩ আগস্ট দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলায় অংশ নেন আসামিরা। তবে নেওয়াজ আহমেদ খানের সংগঠনের দাবি, ওই দিন ভোরেই তাকে পল্লবীর বাসা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ। অর্থাৎ, মামলায় উল্লেখ করা হামলার সময় তিনি পুলিশের হেফাজতে ছিলেন। এ কারণে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগের সময় এবং গ্রেপ্তারের সময়ের মধ্যে অসংগতি রয়েছে বলে দাবি সংগঠনের নেতাদের।
এদিকে চলতি বছরের ২৯ আগস্ট পল্লবীর কালশীর তালতলা ক্যাম্পে সিটি করপোরেশনের উদ্যোগে গোসলখানা নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় দায়ের করা দুটি মামলায়ও নেওয়াজ আহমেদ খানকে গ্রেপ্তার দেখানো হয়। ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে করা একটি মামলায় গত ৬ সেপ্টেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত তাকে জামিন দেন। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা দ্বিতীয় মামলায় গত ১২ অক্টোবর অতিরিক্ত দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন।
তবে ওই দুই মামলায় জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তির আগেই শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে অন্য দুটি মামলায় জামিন পেলেও মুক্তি পাননি তিনি।
বাংলাদেশি বিহারি পুনর্বাসন সংসদের সভাপতি কাউছার পারভেজ ভুলু বলেন, যে মামলায় নেওয়াজ আহমেদকে আসামি করা হয়েছে, সেখানে উল্লেখিত ঘটনার সময় তিনি পল্লবী থানা পুলিশের হেফাজতে ছিলেন। পুলিশের হাতে আটক থাকা একজন ব্যক্তি একই সময়ে শাহবাগে গিয়ে হামলায় অংশ নিলেন কীভাবে, সেই প্রশ্নের জবাব প্রয়োজন।
সংগঠনটির যুগ্ম সম্পাদক তোফায়েল আহমেদ বলেন, নেওয়াজ আহমেদ খান পল্লবীর বিহারি ক্যাম্প এলাকার একজন জনপ্রিয় নেতা। তিনি কখনো আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, এখনো নেই। অথচ তাঁর বিরুদ্ধে পরস্পরবিরোধী অভিযোগে দুটি মামলা করা হয়েছে। তাঁরা তাঁর জামিনে মুক্তি দাবি করছেন।