পেশাগত অধিকার, কর্ম-এলাকা সংরক্ষণ এবং বিবাহ নিবন্ধনের ফি বাড়ানোর দাবিতে আন্দোলনে নেমেছেন দেশের নিকাহ রেজিস্ট্রাররা। এসব দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদের নেতারা। একই দাবিতে আইনমন্ত্রীর কাছেও পৃথক স্মারকলিপি দেওয়া হয়েছে।
সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন শেষে সাত সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর দপ্তরে স্মারকলিপি জমা দেয়। এতে বর্তমান নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও আইনগত অধিকার অক্ষুণ্ন রাখার দাবি জানানো হয়।
স্মারকলিপিতে বলা হয়েছে, বিদ্যমান বিধিমালা অনুযায়ী একজন নিকাহ রেজিস্ট্রারের নির্ধারিত এলাকা বিভক্ত করে সেখানে একাধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়া যাবে না। আইন মন্ত্রণালয়ে এ বিষয়ে বিধিমালা সংশোধনের উদ্যোগ চলছে বলে উদ্বেগ প্রকাশ করেন তারা।
সংগঠনটির নেতাদের দাবি, একজন নিকাহ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। এই সীমিত আয় দিয়ে বর্তমান বাজারদরে সংসার চালানো কঠিন। তাই বিয়ে নিবন্ধনের ফি পুনর্নির্ধারণের পাশাপাশি দেশে শূন্য থাকা প্রায় ১ হাজার ৪০০ পদে যোগ্য আলেম-ওলামাদের নিয়োগ দিতে হবে।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত সরকারের ১৬ বছরে নিকাহ রেজিস্ট্রারদের বিভিন্নভাবে হয়রানি, মিথ্যা মামলা ও নির্যাতনের মুখে পড়তে হয়েছে। তাদের জীবিকা ও পেশাগত অধিকার ক্ষুণ্ন করার কোনো উদ্যোগ মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।
দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দিয়ে নেতারা বলেন, প্রয়োজনে সারা দেশ থেকে নিকাহ রেজিস্ট্রাররা পরিবার-পরিজন নিয়ে কাফনের কাপড় পরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেবেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তারা।
বিধিমালা সংশোধনসংক্রান্ত কমিটিতে নিকাহ রেজিস্ট্রারদের পক্ষ থেকে অন্তত দুজন অভিজ্ঞ প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। একই সঙ্গে নিয়োগের ক্ষেত্রে মাদরাসাভিত্তিক ধর্মীয় শিক্ষা, ইসলামী শরিয়ত, মুসলিম পারিবারিক আইন এবং বিবাহ ও তালাক নিবন্ধন বিষয়ে জ্ঞান ও দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুধু সাধারণ শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নিয়োগের প্রস্তাব বাতিলের দাবিও তুলেছেন তারা।
বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল স্মারকলিপি দেয়। মানববন্ধনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। তাদের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পেশাগত অধিকার ও কর্ম-অধিক্ষেত্র নিয়ে চলমান বিরোধের গ্রহণযোগ্য সমাধান হবে।



