বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কিশোর আবদুল মোতালিব নিহতের ঘটনায় দায়ের করা মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে তদন্তের স্বার্থে তাকে ১০ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়ে আবেদন করেছিলেন গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা।
আদালতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরে। অন্যদিকে সাঈদ খোকনের আইনজীবী জামিনের আবেদন জানান এবং রিমান্ড বাতিলের দাবি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডির জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারায় কিশোর আবদুল মোতালিব। এ ঘটনায় ২৬ আগস্ট তাঁর বাবা আবদুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ মোট ১৭৬ জনকে আসামি করা হয়েছে। এজাহারে সাঈদ খোকনের নাম রয়েছে ২৯ নম্বরে।