বিদেশি আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশে সরাসরি কার্যকর করার আইনগত সুযোগ নেই। কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করে অন্য দেশে প্রত্যর্পণ বা হস্তান্তর করতে হলে দেশের প্রচলিত আইন ও নির্ধারিত কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হবে। ‘জেরাব এলএলসি বনাম রাষ্ট্র ও অন্যান্য’ মামলার রায়ে এমন অভিমত দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি মো. তৌফিক ইনাম ও বিচারপতি মাহমুদ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ পর্যবেক্ষণ দেন। সম্প্রতি এ-সংক্রান্ত আদেশ সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
মামলার নথি অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অর্থ আত্মসাতের অভিযোগে বাংলাদেশি নাগরিক মোহাম্মদ আল ফয়জুল আলমকে ২০২২ সালে এক বছরের কারাদণ্ড দেন সেখানকার একটি আদালত। একই সঙ্গে তাকে ২৭ লাখ ৭৩ হাজার ৯৬৪ দিরহাম জরিমানা করা হয়, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৯ কোটি ৪৩ লাখ টাকা। এ মামলার বাদী ছিল দুবাইভিত্তিক প্রতিষ্ঠান জেরাব এলএলসি।
পরবর্তী সময়ে ফয়জুলের অবস্থান বাংলাদেশে জানতে পারে প্রতিষ্ঠানটি। গণমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে তার বাংলাদেশে গ্রেপ্তার হওয়ার তথ্যও পায় তারা। এরপর ২০২৫ সালের সেপ্টেম্বরে তাকে সংযুক্ত আরব আমিরাতে ফেরত পাঠানোর উদ্যোগ নিতে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করে জেরাব এলএলসি।
তবে সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রত্যর্পণ বা হস্তান্তরের অনুরোধ না আসায় বাংলাদেশি কর্তৃপক্ষ এ বিষয়ে পদক্ষেপ নেয়নি। পরে প্রতিষ্ঠানটি হাইকোর্টে রিট দায়ের করে।
শুনানিতে রিটকারীর আইনজীবী মো. সানোয়ার হোসেন বলেন, অর্থ আত্মসাতের মামলায় দণ্ডিত ফয়জুলকে সংযুক্ত আরব আমিরাতে ফেরত পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আদালতের নির্দেশনা প্রয়োজন।
অন্যদিকে রাষ্ট্রপক্ষের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আকতার হোসেন মো. আব্দুল ওয়াহহাব ও আল ফয়সাল সিদ্দিকী জানান, এ বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ বাংলাদেশ পায়নি। শুধু একটি বেসরকারি প্রতিষ্ঠানের আবেদনের ভিত্তিতে বিদেশি গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনি সুযোগ নেই।
উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে হাইকোর্ট বলেন, বিদেশি আদালতের পরোয়ানা বাংলাদেশের ভূখণ্ডে নিজ ক্ষমতাবলে কার্যকর হয় না। এ ধরনের পদক্ষেপের জন্য দেশীয় আইনে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ জরুরি। সরকারি বা কূটনৈতিক মাধ্যমে যথাযথ অনুরোধ ছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর গ্রেপ্তার বা প্রত্যর্পণের কোনো বাধ্যবাধকতা তৈরি হয় না।
আদালত আরও উল্লেখ করেন, জেরাব এলএলসি একটি বেসরকারি প্রতিষ্ঠান। তাদের ব্যক্তিগত আবেদনের ভিত্তিতে বিদেশি পরোয়ানা কার্যকর করতে বাংলাদেশের কর্তৃপক্ষ আইনগতভাবে বাধ্য—এমন কোনো বিধানও রিটকারীরা দেখাতে পারেননি। ফলে এ বিষয়ে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী নির্দেশনা দেওয়ার সুযোগ নেই বলে মত দেন হাইকোর্ট।



