বান্দরবানে বিয়ের আশ্বাসে সম্পর্ক গড়ে তুলে এক নারীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১০টার দিকে ভুক্তভোগী এক মারমা নারী বান্দরবান সদর থানায় মামলা করেন। পরে অভিযান চালিয়ে সদর উপজেলার মধ্যমপাড়ার নিজ বাড়ি থেকে শৈক্যসিং মারমাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) কামরুল ইসলাম।
মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। এক ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি বান্দরবান শহরে বসবাস করেন। দূর সম্পর্কের আত্মীয় শৈক্যসিং মারমা বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। গত পাঁচ মাসে শহরের শিশু পার্কের পাশে তার পরিচালিত ‘সাইনি রিসোর্টে’ নিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেন ওই নারী।
এজাহারে বলা হয়, শুক্রবারও ওই নারীকে রিসোর্টে ডেকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে বিয়ের বিষয়ে কথা বলতে গেলে শৈক্যসিং মারমা বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ওই নারীকে শারীরিকভাবে নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি।
এদিকে জেলা এনসিপির আহ্বায়ক মংসাপ্রু চৌধুরী বলেন, এ ঘটনায় দল বিব্রত। দলের গঠনতন্ত্র ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।