আদালতের চারটি গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে শাহজালাল ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান সাজ্জাতুজ জুম্মাকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাকে আটক করা হয়।
গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আদালতের চারটি পরোয়ানা রয়েছে। সেগুলোর ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।
ব্যাংকঋণসংক্রান্ত একটি মামলায় সাজ্জাতুজ জুম্মার বিরুদ্ধে আগে সাজা ও জরিমানার আদেশ হয়েছিল। তিনি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার বিনিয়োগ গ্রাহক ছিলেন। ঋণখেলাপির অভিযোগে ২০১৪ সালের ২৭ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ তার বিরুদ্ধে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টে মামলা করে।
ওই মামলায় আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং তিন কোটি টাকা জরিমানা করেন। পরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে খেলাপি বিনিয়োগের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাজ্জাতুজ জুম্মাকে শাহজালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকেও সরিয়ে দেওয়া হয়। তিনি ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন।