জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্তকারী কর্মকর্তা সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম আবেদন মঞ্জুর করেন।
এর আগে বুধবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে মুফতি রুহুল আমিনকে আটক করে ভাটারা থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর জুমার নামাজ আদায়ের জন্য বায়তুল মোকাররমে যান প্রবাসফেরত ব্যবসায়ী মাওলানা জিয়াউর রহমান। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে ইসলামী ফাউন্ডেশনের নির্ধারিত ইমাম ড. মুফতি আবু সালেহ পাটোয়ারী খুতবা পাঠ করছিলেন। এ সময় রুহুল আমিন কয়েকজনকে সঙ্গে নিয়ে মসজিদে প্রবেশ করেন এবং দায়িত্বপ্রাপ্ত ইমামকে মিম্বার থেকে টেনে-হিঁচড়ে নামিয়ে মারধর করেন। একপর্যায়ে তার হাত থেকে মাইকও কেড়ে নেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এ ঘটনায় মুসল্লিরা বাধা দিতে গেলে রুহুল আমিনের নির্দেশে অপর এক আসামি লোহার রড দিয়ে জিয়াউর রহমানের ডান চোখে আঘাত করেন। এতে তার চোখের নিচে গুরুতর জখম হয় এবং ডান চোখের দৃষ্টিশক্তি হারান। এ ছাড়া তাকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় এবং পকেটে থাকা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় দাবি করা হয়েছে।
এ ঘটনায় বাদিসহ ৫০ থেকে ৬০ জন মুসল্লি আহত হন এবং মসজিদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার দিনই, ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর মাওলানা জিয়াউর রহমান বাদী হয়ে পল্টন থানায় মামলা দায়ের করেন। সেই মামলার তদন্তের অংশ হিসেবেই সাবেক খতিবকে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।