রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ৫০০ শয্যার নতুন ভবন ঘিরে উন্নত চিকিৎসাসেবার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও উন্নত অবকাঠামো প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট এবং অন্যান্য কর্মচারীর অভাবে ভবনটির পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা যাচ্ছে না। বর্তমানে নতুন ভবনের প্রায় অর্ধেক কার্যক্রম চালু রয়েছে। তবে দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা চালুর প্রস্তুতি নিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন ভবনের সব কার্যক্রম চালু হলে দেশের স্নায়ুরোগে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবায় বড় ধরনের পরিবর্তন আসবে। বিশেষ করে স্ট্রোক, ব্রেন টিউমার, মস্তিষ্কে আঘাত, মেরুদণ্ডের জটিলতা, পারকিনসন্স, ডিমেনশিয়া ও মৃগীসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় রোগীদের জন্য বাড়তি সুযোগ তৈরি হবে।
সরেজমিনে দেখা গেছে, নতুন ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বহির্বিভাগের চিকিৎসাসেবা সীমিত পরিসরে চালু রয়েছে। রোগীদের প্রয়োজন অনুযায়ী সিটি স্ক্যান, এমআরআই ও এক্স-রে পরীক্ষাও করা হচ্ছে। পাশাপাশি ক্যাথল্যাব, অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা এবং একাডেমিক কার্যক্রমও আংশিকভাবে শুরু হয়েছে। তবে প্রয়োজনীয় জনবল না থাকায় আধুনিক অবকাঠামোর সব সুবিধা এখনো রোগীদের কাছে পৌঁছানো সম্ভব হচ্ছে না।
নতুন ভবনটিতে রয়েছে ৫০০ শয্যা, ৪০টি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) বেড, ২০টি হাই ডিপেনডেন্সি ইউনিট (এইচডিইউ) বেড এবং ১১২টি কেবিন। এ ছাড়া রয়েছে দুটি এমআরআই ও দুটি সিটি স্ক্যান মেশিনসহ আধুনিক চিকিৎসা সরঞ্জাম। এত বড় পরিসরের চিকিৎসা অবকাঠামো থাকলেও জনবল সংকটের কারণে প্রত্যাশিত সেবা দেওয়া যাচ্ছে না।
দেশের অন্যতম বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসাকেন্দ্র হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের ওপর নির্ভরশীল দেশের বিভিন্ন অঞ্চলের অসংখ্য রোগী। প্রতিদিন ঢাকা ছাড়াও জেলা ও উপজেলা পর্যায় থেকে জটিল স্নায়ুরোগে আক্রান্ত রোগীরা এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু রোগীর তুলনায় শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার সক্ষমতা কম থাকায় অনেককে হাসপাতালে ভর্তির জন্য অপেক্ষা করতে হয়। নতুন ভবন চালু হলে এ চাপ অনেকটাই কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান বলেন, হাসপাতালে প্রয়োজনীয় জনবলের ঘাটতি রয়েছে। তবে খুব শিগগিরই নতুন জনবল নিয়োগের উদ্যোগ নেওয়া হবে। লোকবল নিয়োগ সম্পন্ন হলে নতুন ভবনে পূর্ণাঙ্গ চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হবে।
তিনি জানান, জনবল নিয়োগের প্রক্রিয়া এতদিনে সম্পন্ন হওয়ার কথা থাকলেও সরকারি চাকরিতে নিয়োগসংক্রান্ত নীতিমালা পরিবর্তনের কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। নিয়োগসংক্রান্ত নীতিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের আশা করছেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটিতে চিকিৎসকদের জন্য অনুমোদিত পদ রয়েছে ৬৪৯টি। এর বিপরীতে কর্মরত আছেন ২৮৮ জন। অর্থাৎ চিকিৎসকের ৩৬১টি পদই শূন্য রয়েছে। অন্যদিকে নার্সিং বিভাগে ৮৬৪টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত ৬৭৮ জন। সেখানে শূন্য রয়েছে ১৮৬টি পদ। সব মিলিয়ে চিকিৎসক ও নার্সের ৫৪৭টি পদ এখনো পূরণ হয়নি।
শুধু চিকিৎসক ও নার্স নিয়োগ করলেই নতুন ভবনের সব কার্যক্রম পরিচালনা সম্ভব হবে না। এর জন্য প্রয়োজন টেকনোলজিস্ট, কারিগরি কর্মী, প্রশাসনিক কর্মকর্তা এবং অন্যান্য সহায়ক জনবলও। হাসপাতাল কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, নতুন ৫০০ শয্যার ভবন পূর্ণাঙ্গভাবে চালু করতে অতিরিক্ত ৮০০ থেকে ১ হাজার জনবল প্রয়োজন।
হাসপাতালের জনবল কাঠামোর বিস্তারিত চিত্রেও ঘাটতির বিষয়টি স্পষ্ট। চিকিৎসকদের মধ্যে অধ্যাপক পদ রয়েছে ২৭টি। এর মধ্যে কর্মরত মাত্র আটজন, শূন্য ১৯টি। সহযোগী অধ্যাপকের ৪৫টি পদের বিপরীতে কর্মরত ১৬ জন এবং শূন্য ২৯টি। সহকারী অধ্যাপকের ৮৬টি পদের মধ্যে কর্মরত ২৩ জন, শূন্য রয়েছে ৬৩টি পদ।
এ ছাড়া আটটি সিনিয়র কনসালটেন্ট পদের মধ্যে ছয়টি এবং ২৫টি জুনিয়র কনসালটেন্ট পদের মধ্যে ১৩টি শূন্য রয়েছে। ইনডোর মেডিকেল অফিসারের ১৫১টি পদের বিপরীতে শূন্য রয়েছে ১১১টি পদ।
নার্সিং বিভাগেও রয়েছে উল্লেখযোগ্য ঘাটতি। তিনটি উপ-সেবা তত্ত্বাবধায়কের পদই শূন্য। ২০টি নার্সিং সুপারভাইজার পদের মধ্যে কর্মরত আছেন সাতজন, শূন্য ১৩টি। এ ছাড়া ৮৪০টি সিনিয়র স্টাফ নার্স পদের বিপরীতে কর্মরত ৬৬৯ জন এবং শূন্য রয়েছে ১৭১টি পদ।
আউটসোর্সিংয়ের জনবল পরিস্থিতিও আশাব্যঞ্জক নয়। এ খাতে অনুমোদিত ১ হাজার ২১৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ৬৫৬ জন। বাকি ৫৫৯টি পদ শূন্য রয়েছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীসহ সামগ্রিক অনুমোদিত পদ ২ হাজার ৭২৮টি। এর মধ্যে কর্মরত রয়েছেন ১ হাজার ৬১৯ জন। অর্থাৎ মোট ১ হাজার ১০৯টি পদ এখনো পূরণ করা সম্ভব হয়নি।
এদিকে রোগীর চাপের চিত্র পাওয়া যায় হাসপাতালের সেবাসংক্রান্ত পরিসংখ্যানেও। ২০২৫-২৬ অর্থবছরে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ৮ লাখ ১৩ হাজার ৯৮ জন। একই সময়ে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ১৮ হাজার ৭৮৯ জন এবং জরুরি বিভাগ থেকে সেবা নিয়েছেন ৩১ হাজার ২৯৩ জন। বিপুলসংখ্যক রোগীর এই চাপ সামাল দিতে বিদ্যমান জনবল ও শয্যাসংখ্যার ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
জনবল সংকটের কারণে রোগীদের ভোগান্তির চিত্রও দেখা যাচ্ছে হাসপাতালে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ব্রেন টিউমারের অস্ত্রোপচার করাতে এসেছেন রাশিদুল ইসলাম। নোয়াখালী সদর হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু এখানে শয্যা খালি না পাওয়ায় ভর্তি হতে পারছেন না তিনি।
হাসপাতালের বহির্বিভাগের সামনে রাশিদুলের ভাই রবিউল ইসলাম জানান, বড় ভাইয়ের ব্রেন টিউমার ধরা পড়ার পর নোয়াখালীর চিকিৎসকেরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। সে অনুযায়ী তাকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। কিন্তু হাসপাতালে শয্যা না পাওয়ায় ভর্তি করানো যাচ্ছে না। এ কারণে চারদিন ধরে হাসপাতালের পাশের একটি বাসা ভাড়া নিয়ে অবস্থান করছেন তারা।
হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১২ সালে ৩০০ শয্যা নিয়ে যাত্রা শুরু করে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। পরবর্তী সময়ে আরও ২০০ শয্যা যুক্ত করে এর সক্ষমতা বাড়ানো হয়। কিন্তু সময়ের সঙ্গে স্নায়ুরোগে আক্রান্ত রোগীর সংখ্যা এবং বিশেষায়িত চিকিৎসার চাহিদা বাড়তে থাকায় বিদ্যমান অবকাঠামোতে রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে। এ পরিস্থিতিতে চিকিৎসাসেবার পরিসর বাড়াতে নির্মাণ করা হয় নতুন ৫০০ শয্যার ভবন।
প্রায় ৫০৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত ১৫ তলাবিশিষ্ট ভবনটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলতি বছরের ১৫ আগস্ট উদ্বোধনের পর ভবনটিতে পর্যায়ক্রমে চিকিৎসাসেবা চালু করা হয়। নতুন ভবনের কার্যক্রম সম্পূর্ণ চালু হলে হাসপাতালটির মোট শয্যাসংখ্যা ৫০০ থেকে বেড়ে এক হাজারে দাঁড়াবে।
হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান জানান, নতুন ভবন চালুর প্রস্তুতির পাশাপাশি আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় জনবল সংগ্রহের কাজও চলছে। নিয়োগ কার্যক্রম শেষ হলে রোগীরা নতুন ভবনের আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ-সুবিধার পূর্ণাঙ্গ সুবিধা পাবেন বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে নিউরোসায়েন্স হাসপাতালের নতুন ভবন দেশের বিশেষায়িত স্নায়ুরোগ চিকিৎসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। তবে আধুনিক ভবন ও দামি চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি দক্ষ চিকিৎসক, নার্স এবং কারিগরি কর্মীর পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দীর্ঘদিন ধরে শয্যা ও চিকিৎসাসেবার অপেক্ষায় থাকা রোগীদের প্রত্যাশা, দ্রুত জনবল নিয়োগ সম্পন্ন করে নতুন ভবনের সব সেবা চালু করা হবে।