দেশে ডেঙ্গুর সংক্রমণে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৯৫ জন। মঙ্গলবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানি ৪৭৪ জনে পৌঁছেছে। এর মধ্যে নভেম্বরের প্রথম নয় দিনেই মারা গেছেন ৫২ জন। এছাড়া অক্টোবরে ১৭৪, সেপ্টেম্বরে ১৪৮, আগস্টে ৪৩, জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে মারা গেছেন দুজন করে।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, নতুন রোগীদের নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে হাসপাতালে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৩ হাজার ৪৬৮ জনে। এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৪৭ হাজার ১৫৮ জন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৫৬৫ জন। এছাড়া রাজশাহীতে ২২৯, খুলনায় ২২০, বরিশালে ২১১, চট্টগ্রামে ২০৬, ময়মনসিংহে ৭৩, রংপুরে ৭১ এবং সিলেটে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।