হৃদ্যন্ত্রে তিনটি ব্লক শনাক্ত হওয়ার পর অস্ত্রোপচার ছাড়াই ক্যাথেটারভিত্তিক চিকিৎসা নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। চিকিৎসকরা তার হৃদ্যন্ত্রের দুটি ব্লকে রিং বা স্টেন্ট স্থাপন করেছেন। অপর ব্লকটিতে বেলুনিংয়ের মাধ্যমে চিকিৎসা দেওয়া হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় রাজধানীর কন্টিনেন্টাল হসপিটালে তার এ চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন হয়। হাসপাতালের বিজনেস ডেভেলপমেন্টের জেনারেল ম্যানেজার ডা. মো. ফজলে রাব্বী খান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল মন্ত্রীর হৃদ্যন্ত্রে ব্লকের অবস্থা নির্ণয়ে এনজিওগ্রাম করা হয়। পরীক্ষায় তিনটি ব্লক ধরা পড়ে। পরে চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী দুটি ব্লকে স্টেন্ট স্থাপন এবং অন্যটিতে বেলুনিং করা হয়।
চিকিৎসা শেষে স্বাস্থ্যমন্ত্রীকে আগামী ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। এ সময় তার শারীরিক অবস্থার ওপর বিশেষ নজর রাখবেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসায় নেতৃত্ব দিচ্ছেন হৃদ্রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এন এ এম মোমেনুজ্জামান।