প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হাসপাতালে চিকিৎসাধীন স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার মো. সাখাওয়াত হোসেন বকুলের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
রবিবার (১৫ নভেম্বর) রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে গিয়ে তিনি মন্ত্রীর চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন।
এর আগে স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রের রক্তনালিতে সফলভাবে দুটি স্টেন্ট (রিং) স্থাপন করা হয়। পরে উন্নত পর্যবেক্ষণ ও চিকিৎসার জন্য তাকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়।
হাসপাতালে অবস্থানকালে ডা. বিটু মন্ত্রীর চিকিৎসা সর্বোচ্চ গুরুত্ব ও পেশাদারত্বের সঙ্গে নিশ্চিত করার বিষয়ে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সহমর্মিতার বার্তা মন্ত্রীর কাছে পৌঁছে দেন এবং তার পরিবারের সদস্যদের প্রতিও সহানুভূতি জানান।
বিএনপির মিডিয়া সেল সূত্রে এসব তথ্য জানা গেছে। উপস্থিত চিকিৎসক ও শুভাকাঙ্ক্ষীরা স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন।